শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিরাজগঞ্জে দলিল লেখকদের বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জে দলিল লেখকদের বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জ থেকে মুহাম্মদ নজরুল ইসলাম : ৭ দফা দাবিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আব্দুল মমিন তারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিব) এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন তাড়াশ দলিল লেখক সমিতির জহুরুল ইসলাম, বেলকুচি দলিল লেখক সমিতির মতিয়ার রহমান লাভু, উল্লাপাড়া দলিল লেখক সমিতির জাহাঙ্গীর আলম, কামারখন্দ দলিল লেখক সমিতির আব্দুল লতিফ, সলঙ্গা দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান, কাজিপুর দলিল লেখক সমিতির শমসের আলী ও শাহজাদপুর দলিল লেখক সমিতির ইউসুফ আলীসহ অনেকে।

বক্তারা বলেন, দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।

তাঁরা বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ মুসাবিদা করতে পারবেন না এবং দলিল নিবন্ধনের জন্য দলিল দাখিল করতে পারবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না—এ দাবিতেও প্রজ্ঞাপন জারির কথা বলেন তাঁরা।

এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা এবং নামাজের স্থান নির্মাণের দাবি জানান বক্তারা। পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় উল্লেখ করে তাঁরা বলেন, পেশাগত কারণে দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না।

সমাবেশে দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়। এতে জেলার ৯টি উপজেলার দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা