শিবচর (মাদারীপুর) থেকে শাখাওয়াত হোসেন মোল্লা : মাদারীপুরের শিবচর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সকালে শিবচর উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতি, ক্যারিয়ার নির্বাচন এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে ওঠে না। সততা, শৃঙ্খলা, অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক গুণাবলির চর্চার মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে সফল হওয়ার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে।
তিনি আরো বলেন,আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনোই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে এটাই প্রত্যাশা।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং নিজেদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। জিপিএ-৫ অর্জন তাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। তবে এই ফলাফলকে জীবনের চূড়ান্ত সাফল্য মনে না করে ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি বলেন,একজন শিক্ষার্থীর জীবনে এসএসসি বা দাখিলের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। কিন্তু সামনে আরও বড় পথ রয়েছে। এই পথ পাড়ি দিতে হলে নিজেদের যোগ্যতা, দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে। নিজের পছন্দ, সামর্থ্য ও আগ্রহকে গুরুত্ব দিয়ে ক্যারিয়ার সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।
সচিব মাসুদুর রহমান আরো বলেন, বর্তমান বিশ্বে শুধু একাডেমিক ফলাফল দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, ভাষা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি চর্চা করতে হবে।তোমাদের প্রত্যেকের স্বপ্ন আলাদা হতে পারে। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ প্রশাসনে যাবে, কেউ উদ্যোক্তা হবে, আবার কেউ গবেষণা বা অন্য কোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। যে পথই বেছে নাও না কেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নিজের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই একজন মানুষের প্রকৃত সাফল্য আসে।
তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,শিবচর ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, ভবিষ্যৎ কর্মক্ষেত্র এবং নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের এমন সাফল্য উদযাপন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করতে শিবচর ক্যারিয়ার ক্লাবের এ আয়োজন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।এ সময় অন্যদের উপস্থিত ছিলেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল মিয়া,শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আছাদুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
