নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : নরসিংদীর শিবপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর খোদেজা বেগম ওরফে মিনারা (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে খামারের মুরগির ময়লার গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে, বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত মিনারা বেগম উপজেলার জয়নগর ইউনিয়নের জামগর গ্রামের মৃত ইসবআলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবার জানায়, মিনারা প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে গত এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর আর ফিরে আসেননি বলে জানান পরিবার।
স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১২টার দিকে জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।খবর পেয়ে নিহতের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের মায়ের বলে শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা পুলিশকে জানান, মিনারা বেগম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নিখোঁজের পোস্ট দেওয়া হয়েছিল।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, নিহত মিনারা বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
