বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র, তিন জনকে ২৫ হাজার টাকা জরিমানা

চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র, তিন জনকে ২৫ হাজার টাকা জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) থেকে মো.মাসুদ রানা : খাগড়াছড়ির রামগড়ে চিকিৎসক না হয়েও রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসকের পরিচয়ে চেম্বার করা এবং রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুড়ের দিকে রামগড় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় বাজারের জিরো পয়েন্ট এলাকায় মা মেডিকেল
এর মালিক শংকর দেবনাথ চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই ধরনের অপরাধে আমিন মেডিকেলের রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা এবং জাহাঙ্গীর মেডিকেলের বাদল চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক হিসেবে চেম্বার না করা এবং রোগীদের ব্যবস্থাপত্র না দেওয়ার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত বলেন, চিকিৎসক না হয়েও কিছু ব্যক্তি দিনের পর দিন বিভিন্ন ফার্মেসিতে চেম্বার করে রোগী দেখছিলেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(২) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রাথমিকভাবে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, উপজেলায় যারা মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অমান্য করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ বিন আবু তৈয়ব, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা