শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করা হবে : সাচিং প্রু জেরী

কক্সবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করা হবে : সাচিং প্রু জেরী

কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী।

তিনি বলেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা। এ জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন, যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

জেলার উন্নয়নে যেসব বিষয় প্রয়োজন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার প্রেসক্লাবের মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজারের উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। মাদক শুধু কক্সবাজারের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। মাদকের কারণে সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জেলার মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সে বিষয়ে নজর রাখা হবে।

সভায় কক্সবাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকরা জেলার উন্নয়ন, পর্যটন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা, সড়ক যোগাযোগ, পরিবেশ ও জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য এইচ এন আলম।

সভায় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, একরামুল হক টিপু, এস এম জাফর, ছৈয়দ আলম, অ্যাডভোকেট আবু সিদ্দিক ওসমানী, শামশুল হক শারেকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা