রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর ) থেকে সোহেল রানা : পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্র পল্লীবিদুৎ এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি মুহাম্মদ. হেলাল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ- সম্পাদক হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।

সমাবেশের আগে বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হন। পরে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল ও সমাবেশকে ঘিরে এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিকল্পিতভাবে কোনো ধরনের সহিংসতা নাশকতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ- সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তিনি নেতাকর্মীদের কোনো ধরনের উসকানি ও বিশৃঙ্খলায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, দেশের স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি, গোষ্ঠী যাতে গুজব, অপপ্রচার, সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে শান্তিপূর্ণ পরিবেশের কোনো বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ করা উচিত। কোনো কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, দেওয়ান জসীমউদ্দীন, গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক মিনার উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক সদস্য সোহেল রানা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা