শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফের শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদা নামের এক ব্যক্তির বসতঘরে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় আভিযানিক দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর রাখা সাদা প্লাস্টিকের বস্তা থেকে নয়টি প্যাকেটে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফনি বাটন ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা