রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, ৭০০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, ৭০০ কেজি মাছ জব্দ

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটটি জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা