কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি দপ্তরগুলোকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবার মানোন্নয়নে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় কাপ্তাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
সভায় সংসদ সদস্য কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দপ্তরপ্রধানরা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
দীপেন দেওয়ান বলেন, কাপ্তাইয়ের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে সরকারি দপ্তরগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের কাপ্তাইয়ের ত্রাণ ও সমাজসেবাবিষয়ক প্রতিনিধি মংসুইপ্রু মারমা।
এ ছাড়া সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
