সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা বিমানবন্দরে আনসারের দায়িত্বশীল ভূমিকায় হারানো শিশু উদ্ধার

বিমানবন্দরে আনসারের দায়িত্বশীল ভূমিকায় হারানো শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের দায়িত্বশীল ও মানবিক তৎপরতায় উদ্ধার হয়েছে সাত বছর বয়সী এক শিশু। ২৭ সেপ্টেম্বর (রবিবার) রাত আনুমানিক দশটার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ-০৬ নম্বর প্রবেশ গেটে কান্নাকাটি করা অবস্থায় শিশু রায়হানকে একা দেখতে পান দায়িত্বরত আনসার সদস্য আমান উল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে আশ্বস্ত করেন।

ঘটনাটি দ্রুত শিফট ইনচার্জ মোঃ কবির হোসেনকে জানানো হলে তিনি অনুসন্ধান অভিযান শুরু করেন। তার নির্দেশনায় ড্রাইভওয়েতে কর্মরত আনসার সদস্যরা হ্যান্ডমাইকিং ও বিভিন্ন মাধ্যমে শিশুটির স্বজনদের খুঁজতে থাকেন। টানা এক ঘণ্টার নিবিড় অনুসন্ধানের পর রায়হানের বোন ও তার স্বামীকে খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে এভসেক কর্তৃপক্ষের নির্দেশক্রমে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু রায়হানকে তার বোনের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। দেশের বিমানবন্দরগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিষ্ঠা ও পেশাদারিত্বের পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক ভূমিকার এটি আরো একটি সুন্দর দৃষ্টান্ত।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা