হবিগঞ্জ থেকে লিটন পাঠান : বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না ১০ বছরের শিশু মোত্তাকিন মিয়ার। সাঁতার না জানায় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। সোমবার (২৮-সেপ্টেম্বর)২০২৬ দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোত্তাকিন মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুন্সিবাড়ির দুলাল মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগে ভর্তি হয়েছিল।
এর আগে মোত্তাকিন দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পঞ্চম শ্রেণিতে তার রোল নম্বর ছিল ২। বিদ্যালয়ের শিক্ষকরা তাকে মেধাবী ছাত্র হিসেবে জানতেন। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষাতেও অংশ নিয়েছিল সে। পরে পরিবারের পক্ষ থেকে তাকে মাদরাসায় ভর্তি করা হয়।দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ারা খাতুন বলেন, ‘মোত্তাকিন পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষায়ও সে অংশ নিয়েছিল। পরে তার পরিবার তাকে মাদরাসায় ভর্তি করে।
মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ট্যাংকির পানি শেষ হয়ে যায়। টিউবওয়েলও নষ্ট ছিল। এ কারণে ছাত্রদের পুকুরে গোসল করতে পাঠানো হয়। মোত্তাকিন সাঁতার জানত না। গোসলের সময় সে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে মাদরাসায় নিয়ে আসে।
এরপর দ্রুত মোত্তাকিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. ফাহমিদা সাহনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।
