লংগদু রাঙ্গামাটি থেকে মোঃ এরশাদ আলী : রাঙ্গামাটির লংগদুতে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায় নবীন আলিম শিক্ষার্থীদের বরণ, শ্রেণী কার্যক্রমের উদ্বোধন (ছবকদান) ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আল্লামা ড. আ ক ম আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সহ-সভাপতি এবং খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু ওসমান।
এসময় নবীন আলিম শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও শিক্ষার্থীদের সাফল্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
