মোঃ সুমন খান রাজস্থলী প্রতিনিধি : রাজস্থলীতে গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩গুন। দেশের অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য এই উপজেলাতেও ডেঙ্গুর এই হঠাৎ ঊর্ধ্বমুখী প্রবণতায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে পুরো উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ জন। এর আগের মাস, এই সংখ্যা ছিলো মাত্র ৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত রোগীদের অধিকাংশেরই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে সাধারণ চিকিৎসার বাইরে থাকা কয়েকজন রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
এই বিষয়ে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান জানান, গত কয়েক মাস ধরে সারা দেশের মতো রাজস্থলীতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুর এই প্রকোপ রুখতে চিকিৎসা সেবার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, এডিস মশার বংশবৃদ্ধি রোধে এই সময়টাতে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রত্যেকের বসতবাড়ির আঙিনা, অফিসের আঙিনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনাসহ মশা বংশবৃদ্ধি করতে পারে এমন সব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
