কক্সবাজার উখিয়া প্রতিনিধি : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় বঙ্গোপসাগরে ভাসমান একটি ঝুঁকিপূর্ণ কাঠের বোট থেকে ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে সমুদ্রে টহল দেওয়ার সময় এ উদ্ধার অভিযান চালানো হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, সমুদ্রে নিয়োজিত ‘এফভি ক্রিস্টাল-১’ নামে একটি মাছ ধরার ট্রলার প্রথমে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা সন্দেহজনক কাঠের বোটটি দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে নৌবাহিনীকে জানানো হলে, সেন্ট মার্টিন ও আশপাশের এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
উদ্ধারের সময় দেখা যায় বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ভেতরে পানি প্রবেশ করছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি সেচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে নিজেদের জাহাজে তুলে নেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নৌবাহিনী জানায়, উদ্ধার হওয়া ৭৬ জনের মধ্যে ১১ জন সক্রিয় মানবপাচারকারী চক্রের সদস্য। বাকি ৬৫ জন ভুক্তভোগী, যারা প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন। ভুক্তভোগীদের বড় একটি অংশকে পাচারকারীরা অপহরণের পর টেকনাফের পাহাড়ি দুর্গম এলাকায় আটকে রেখেছিল এবং পরবর্তীতে জোরপূর্বক ট্রলারে তুলে দেয়।
আটক ১১ পাচারকারী, উদ্ধার হওয়া ভুক্তভোগী এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সময়মতো ও দ্রুত অভিযান পরিচালনার ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
৮
