বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন আহসান উল্লাহ খান নামে এক ব্যক্তি।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী দুলাল খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী জানান, ওই দিন সন্ধ্যায় কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধরের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি।
পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ১০টার দিকে মেরাশানী দুলাল খাঁ বাড়িতে গিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির উঠানে রেখে ঘরের ভেতরে যান। কিছুক্ষণ পর বাইরে এসে তিনি দেখতে পান, মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে।
এ সময় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও মোটরসাইকেলটির বিভিন্ন অংশ পুড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার মোটরসাইকেলে আগুন দিয়ে থাকতে পারে।
ঘটনার পর বিষয়টি জানিয়ে বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর বিজয়নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত ও প্রাথমিকভাবে ঘটনাটি পরিদর্শন করেছে।
এ বিষয়ে অভিযোগকারী আহসান উল্লাহ খান বলেন, তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান।
তবে অভিযোগে যাদের বিরুদ্ধে সন্দেহের কথা বলা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পরই আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়া যাবে।
