কুড়িগ্রাম থেকে মোঃ মজিবর রহমান : কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানায় সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ অক্টোবর ২০২৬ইং তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্থাপন করেন। চেক পয়েন্ট পরিচালনাকালীন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্র মোতাবেক পূর্ব রামখানা আশকোন নগর (থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক হতে আগত চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ০১টি পিস্তল ও ০১ রাউন্ড গুলি এবং সন্দেহজনক ০১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫,০১,০০,২০০ টাকা (পাঁচ কোটি এক লক্ষ দুইশত টাকা)। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন একইসাথে ক্রিস্টাল মেথ আইস আসল কিনা তা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে প্রেরণ করা হচ্ছে। এছাড়াও অস্ত্র ও মাদক চোরাচালানে সংশ্লিষ্টদের শনাক্ত করতে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দীর্ঘদিন থেকে এ ধরণের অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের বিষয়ে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুসন্ধান করে আসছি। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। তবে উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল কিনা তা ল্যব পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, ক্রিস্টাল মেথ আইসে নিম্নমানের মাদকদ্রব্য থাকে আবার কিছু ক্ষেত্রে আসল ক্রিস্টাল মেথ আইসও থাকে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির এধরনের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
