কুড়িগ্রাম থেকে মজিবর রহমান : কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল। এছাড়া বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একটি উন্নত ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
