মঙ্গলবার | অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় টিনের চালা কেটে দোকানে চুরি, বিকাশের ২ লাখ টাকা লুট

ভালুকায় টিনের চালা কেটে দোকানে চুরি, বিকাশের ২ লাখ টাকা লুট

ভালুকা থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার খান মার্কেটে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে বিকাশের নগদ প্রায় ২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে ভালুকা বাসস্ট্যান্ডের খান মার্কেটে অবস্থিত হৃদয় টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিকের অভিযোগ, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়িতে চলে যাওয়ার পর কোনো একসময় চোরের দল দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিকাশের নগদ লেনদেনের প্রায় ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

সোমবার সকালে দোকান খুলতে এসে চালা কাটা দেখতে পান দোকান মালিক। পরে দোকানের ভেতরে প্রবেশ করে টাকা চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা