মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের আর্থিক সহায়তার চেক তুলে দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক জনাব মো. ইয়াছিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, “আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি আবহমানকালের ঐতিহ্য। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবং শান্তিপূণ পরিবেশে উদযাপন করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকা জেলা পরিষদ ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
