শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ খেলা কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ফুটবলের উন্মাদনায় মাতল তরুণ সমাজ! সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। গোল্ডেন হিল যুব সমাজের আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

কাপ্তাই ৪ নম্বর ইউনিয়নের কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সক্রিয় রাখতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মধ্য দিয়ে তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে পারে। যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

কাপ্তাই উপজেলা জাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পশ্চিমপাড়া একাদশ ও ইয়ং স্টার শিলছড়ি মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়।

টুর্নামেন্টে মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা