শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

শোক সংবাদ :

অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল : বৃহত্তর নোয়াখালীর সর্বজন শ্রদ্ধেয় আলেম ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, দুর্নীতি দমন কমিশনের কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম. জায়েদ হোসাইন ফারুকী (৬৫) শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। (আজ) শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় স্থানীয় চরলরেঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জেলা ইমাম সমিতি, দুদক-চাঁদপুর সমন্বিত কার্যালয়, কমলনগর প্রেসক্লাব, কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রতিষ্ঠান প্রধান পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি পৃথক পৃথক বিবৃতি ও বার্তায় গভীর শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, মাওলানা জায়েদ হোসাইন ফারুকী ছিলেন সমাজের সর্বস্তরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে বৃহত্তর নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাবাসী একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামী ব্যক্তিত্বকে হারিয়েছে।তিনি পবিত্র কুরআন ও হাদিসের ওপর ব্যাপক অধ্যয়ন পূর্বক দীর্ঘ শিক্ষকতা জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া একজন খ্যাতি সম্পন্ন ইসলামীক বক্তা হিসেবে বিভিন্ন ওয়াজ-মাহফিল থেকে ধর্মীয় শিক্ষা প্রসারের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর সরল জীবনযাপন, ইখলাস ও দ্বীনি খেদমত সর্বশ্রেণির মানুষ ও সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। একইসাথে মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের সব নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা