মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঈদগাঁও–ঈদগড় সড়কে দিনদুপুরে ডাকাতি, জিম্মি শতাধিক যাত্রী

দুই দফায় ৫০–৬০টি যানবাহনে লুটপাট, নগদ টাকা ও মুঠোফোন ছিনতাই

ঈদগাঁও–ঈদগড় সড়কে দিনদুপুরে ডাকাতি, জিম্মি শতাধিক যাত্রী

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কে দিনদুপুরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ব্যাপক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন। লুট করা হয় শতাধিক যাত্রীর নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ, ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাঁদের মারধর করে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়া হয়। সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে এ লুটপাট চলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন তিনি। হিমছড়ি ঢালায় পৌঁছালে সশস্ত্র ডাকাতেরা তাঁদের পথরোধ করে জঙ্গলে নিয়ে মারধর করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।

রবিউল ইসলামের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়। বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম বলেন, তিনজন একটি অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন। অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেয় ডাকাতেরা।

ক্ষোভ প্রকাশ করে আবদুল হাকিম বলেন, এ সড়কে প্রায়ই লুটপাট ও অপহরণের ঘটনা ঘটে। অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে। কিন্তু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।

ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেকও ডাকাতির শিকার হয়েছেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচ যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে তাঁদের অটোরিকশাটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রাণ বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের গহিন বনাঞ্চলে টহল জোরদার করা হয়েছে। তবে মোট কতটি যানবাহনে ডাকাতি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

দিনদুপুরে সড়কে এমন সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে নিরাপত্তা জোরদার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা