মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ জাতীয় ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জনতা ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক হোসেন।

শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

এ পরিস্থিতিতে গত রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়। এরপর সোমবার সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেল।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা