মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভোলায় ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও

ভোলায় ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও

মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামের এক বিধবার কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

গত কাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মরিয়ম বেগম ওই এলাকার বাসিন্দা।

মরিয়ম বেগম জানান, বেলা ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। তাঁরা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর ছবি তুলতে চান। একপর্যায়ে মোবাইলে ছবি তোলার কথা বলে তাঁকে কানের সোনার দুল খুলতে বলেন এবং খুলে তাদের হাতে নেন।
মরিয়ম বেগম কিছু বুঝে উঠার আগেই মুহূর্তেমধ্যে সোনার দুল নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান তাঁরা।

মরিয়ম বেগমের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তারা নাকি বিএনপি করে।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে অভিযোগ পেলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা