বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ার সাবেক এমপি এএনএম ইউসুফের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

কুলাউড়ার সাবেক এমপি এএনএম ইউসুফের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

মো: সিপাউর রহমান, কুলাউড়া প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, আইনজীবী ও সমাজসেবক মরহুম এএনএম ইউসুফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার)।

দিবসটি পালন উপলক্ষে ইউসুফ ফাউন্ডেশন এবং তাঁর প্রতিষ্ঠিত ইউসুফ গনি কলেজ ও স্কুলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে তাঁর স্বগ্রামের মাজার প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, দুপুরে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ।

মরহুম এএনএম ইউসুফ বাংলাদেশ মুসলিম লীগের সাবেক প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনীতি, আইন পেশা ও সমাজসেবার পাশাপাশি শিক্ষার প্রসারে তাঁর অবদান কুলাউড়াসহ বৃহত্তর অঞ্চলে স্মরণীয় হয়ে রয়েছে।

শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা কলেজ, এমএ গণি কলেজ ও জুনিয়র স্কুল এবং সিংগুর, শ্রীপুর ও শাহজালাল উচ্চবিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সমাজে শিক্ষার বিস্তার ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর প্রতিষ্ঠিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার সুযোগ লাভ করছে। শিক্ষা বিস্তারে তাঁর অবদান তাঁকে স্থানীয় মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে।

মরহুমের ১৭তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফল করতে তাঁর স্ত্রী আলহাজ লুৎফুন্নাহার ও কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া মরহুমের জুনিয়র আইনজীবীরা আগামী ২৮ অক্টোবর (বুধবার) তাঁর প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতি ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

মরহুম এএনএম ইউসুফের বর্ণাঢ্য কর্মময় জীবন, শিক্ষার প্রসারে অবদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তাঁকে কুলাউড়ার ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা