বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দখল ফিরে পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে জমি জবরদখলের অভিযোগ :

দখল ফিরে পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জবরদখলের অভিযোগ উঠেছে। বৈধ দলিল ও আদালতের রায় থাকার পরও জমির দখল ফিরে না পাওয়ার অভিযোগ করেছেন উপজেলার পদমপুর গ্রামের বারকাত আলীর পরিবার।

এ ঘটনায় সুষ্ঠু বিচার ও জমির দখল ফিরে পাওয়ার দাবিতে রাণীশংকৈল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, পদমপুর মৌজার ৭৫ শতক জমির বৈধ দলিল তাদের নামে রয়েছে। ২০১৮ সালে ঠাকুরগাঁও আদালত থেকে তারা ডিক্রিও পেয়েছেন। এরপরও স্থানীয় একটি পক্ষ জমিটি জবরদখল করে রেখেছে।

তিনি অভিযোগ করে বলেন, “ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান এবং স্থানীয় প্রাণ গোবিন্দ সাহা বাচ্চুর নির্দেশে বাসন্ত, ধনেশ্বর, অতুল চন্দ্র ও অক্ষয়সহ কয়েকজন দলবদ্ধ হয়ে লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের জমি জবরদখল করেছে। বাধা দিতে গেলে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।”

বারকাত আলী আরও জানান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে কাগজপত্র যাচাই করে তাদের পক্ষে মতামত দেওয়া হয়েছে। বিষয়টি সংসদ সদস্য জাহিদুর রহমানকে জানালে তিনি আদালত ও এসিল্যান্ডের রায় মানা হবে না বলে মন্তব্য করেন বলে দাবি করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্য মরিয়ম, সুবিরন ও তারাফুল বলেন, তারা বর্তমানে অসহায় অবস্থায় রয়েছেন এবং প্রশাসনের কাছে জমির দখল ফিরে পেতে সুষ্ঠু সমাধান চান।

এ বিষয়ে বক্তব্য জানতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা