মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব চোরাচালানের সময় নারী সহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি-এর কুসুমপুর বিওপির সদস্যরা বিশেষ টহল পরিচালনা করে তাঁদের আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের কালুর বাড়ির পাশ থেকে তাঁদের আটক করা হয়। কুসুমপুর বিওপির নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের বনানী বিশ্বাস (৪২) ও তাঁর ছেলে কৌশিক বিশ্বাস (২০), ফরিদপুরের দক্ষিণ আলিপুর এলাকার কৃষ্ণ হীরা (৫৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের সুখদেব বাইন (৩১) এবং বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের তাহনা আক্তার স্বর্ণা (১৫)। একটি দালাল চক্র তাদেরকে ভারতে নিয়ে যাচ্ছিলো।
এ ঘটনায় আটক পাঁচজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
