মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : কেরানীগঞ্জ রুহিতপুরে মুগারচর ব্রিজের নিচে একটি ব্রিফকেসের ভেতর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয় এলাকাবসীর মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, মুগারচর ব্রিজের নিচের জলাশয় ও পন্টুনের কাছাকাছি এলাকার ঝোপঝাড়ের মধ্যে একটি ব্রিফকেস সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী দল ব্রিফকেসটি খুলে ভেতরে মানুষের কঙ্কাল দেখতে পায় এবং তা উদ্ধার করে।
কে বা কারা এই কঙ্কালটি ব্রিফকেসে ভরে ব্রিজের নিচে ফেলে রেখে গেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং কঙ্কালটির পরিচয় কী, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
উদ্ধারকৃত কঙ্কালটি ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
