এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঘর থেকে তুলে নিয়ে মারধর করে মো. আয়াছ (২২) নামে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এক সদস্যকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামে সংগঠনটির আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের দায়ী করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়াছ ওই ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আরসার সদস্যরা আয়াছ ও ছৈয়দ মোহাম্মদকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াছের মৃত্যু হয়। গুরুতর আহত ছৈয়দ মোহাম্মদকে পরে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
নিহত আয়াছের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
