শালিখা মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার আনন্দনগর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুহাম্মদপুর উপজেলার রাড়িখালি ফুটবল একাদশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গোলাম সারোয়ার হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে রাড়িখালি ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির সদস্য শামসুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মমতাজ উদ্দিন, আ:মান্নান মোল্যা, কাজি শাহিনুল ইসলাম দোলন, অ্যাড. সোহেল, মো. মাহমুদুর নবী, মো. আনোয়ার হোসেন সহ পুলুম বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।
ফাইনাল খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
