খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অভিযানে ইউপিডিএফের (প্রসীত) এক কালেক্টরকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা দিকে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় জোন কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুপায়ন মারমা (৫০)। তিনি ওরফে সত্য নামেও পরিচিত। তার পিতার নাম মৃত রেদাচাই মারমা। তিনি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের বাসিন্দা।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি চাঁদার বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), দেশীয় তৈরি একটি এলজি এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, অসহায় মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীর সদস্যরা ভূমিকা রেখে চলেছেন।
পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
