সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে সম্প্রতি আত্মসমর্পণকারী তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২’র অধিনায়ক আতিকুর রহমান মিয়া এ তথ্য জানান।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে, ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন ও ৯৫টি দেশীয় অস্ত্রসহ ৮টি ওয়াকিটকি।
অধিনায়ক আতিকুর রহমান আরও বলেন, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা ও পাবনা জেলার সাথিয়া এবং আতাইকুলা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র ও গোলাবারুদগুলো আত্মসমর্পনকারী চরমপন্থিদের হেফাজতে ছিল। তারা গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে এসআরবির কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়।
