শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার

চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি মোঃ ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার এখলাছপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানারর ওসির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজ বাবুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবুর রহমান বেপারী।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, গ্রেপ্তার ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা, ডাকাতির তিনটি মামলা এবং অন্যান্য অপরাধে একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে আজ বিকেলে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা