শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম হাইদগাঁওকে মডেল ও স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়, চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন হাজী জাহাঙ্গীর আলম

হাইদগাঁওকে মডেল ও স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়, চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন হাজী জাহাঙ্গীর আলম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ১২ নম্বর হাইদগাঁও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মাদক ও ইয়াবামুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং আধুনিক, মডেল ও স্মার্ট ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি।

রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বেড়ে ওঠা হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পর পটিয়া সরকারি কলেজে ভর্তি হন।

কলেজজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। উচ্চ শিক্ষিত হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘ রাজনৈতিক পথচলা, ব্যবসায়িক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নিজের পরিচিতি গড়ে তুলেছেন বলে জানান তাঁর সমর্থকেরা।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, হাইদগাঁও ইউনিয়নকে একটি বৈষম্যহীন, মানবিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

যেখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে নাগরিক সেবা পাবেন, গরিব-অসহায় মানুষ ন্যায়বিচার পাবেন এবং ইউনিয়ন পরিষদ হবে জনগণের আস্থা ও ভরসার প্রতিষ্ঠান।

তিনি আরও জানান, নির্বাচিত হলে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেবেন। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সেবার মান বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

মাদক ও ইয়াবার ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষামূলক উদ্যোগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান। পাশাপাশি বাল্যবিবাহ, সামাজিক অবক্ষয় ও বিভিন্ন অসংগতি প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা বলেন।

কৃষকদের স্বার্থ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা, কৃষি উপকরণের সহজলভ্যতা এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্নতা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান তিনি।

রাজনৈতিক অঙ্গীকারের বিষয়ে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার কথাও জানান তিনি।

দৈনিক জনতাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “আমার জীবনের চাওয়া-পাওয়ার আর কিছু নেই।

মহান আল্লাহ আমাকে সহায়-সম্পত্তি ও ব্যবসা-বাণিজ্য দিয়েছেন। আমি তাতেই সন্তুষ্ট। এখন আমার ইচ্ছা, হাইদগাঁও ইউনিয়নের মানুষের সেবা করা।

সেই লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের পরিবারের সঙ্গে হাইদগাঁও ইউনিয়নের নেতৃত্ব ও জনসেবার পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমি শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই।

নির্বাচিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব।

ইউনিয়ন পরিষদে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের ওপর তাঁর আস্থা রয়েছে।

জনগণ তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন।

উল্লেখ্য, হাইদগাঁও ইউনিয়নের নাগরিক সেবার মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তাঁর ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের বিষয়টি এখন নির্বাচনী আলোচনার অংশ হয়ে উঠেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা