শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম), উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এ. এম. মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান রিপন, মো. এমদাদুল হক মাসুদ, আব্দুল কুদ্দুস মোমেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা নাজমুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, এ দেশের ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাসকেও আড়াল করা হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। তাঁর স্ত্রী, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন। তাঁর সুযোগ্য পুত্র, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী গণতন্ত্রকে পুনর্প্রতিষ্ঠিত করেছেন। আর যাতে এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করা না যায়, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা