রিয়াজ উদ্দিন, কক্সবাজার: মাদকসেবী, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান; ২৪ ঘণ্টায় ১০টি পরোয়ানা নিষ্পত্তি কক্সবাজার শহর ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদকসেবী, চারজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত, ১৪ জন দণ্ডবিধির ২৯০ ধারায়, পাঁচজন পরোয়ানাভুক্ত এবং দুটি নিয়মিত মামলার আসামি রয়েছেন।
৬ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৩ জনের মধ্যে খুরুশকুলের দক্ষিণ হিন্দুপাড়ার মিঠুন, কাঞ্চন দে, মিলন দে ও সাগর দে রয়েছেন। এ ছাড়া কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং দেশের অন্যান্য জেলা থেকে আসা ব্যক্তিরাও গ্রেপ্তার হয়েছেন।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার চারজন হলেন উখিয়ার শারমিন, মহেশখালীর সাকের মিয়া, কক্সবাজার শহরের সোহেল এবং নারায়ণগঞ্জের মো. শামীম। অন্যদিকে দণ্ডবিধির ২৯০ ধারায় গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ঢাকা, কুমিল্লা, নেত্রকোনা, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচজন এবং নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মোটরসাইকেলবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে পুলিশ। এ সময় মোটরসাইকেল-সংক্রান্ত নয়টি মামলা করা হয়েছে, আটক করা হয়েছে চারটি মোটরসাইকেল এবং জরিমানা আদায় করা হয়েছে ২৯ হাজার টাকা।
একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ ছাড়া আদালতের পরোয়ানা নিষ্পত্তির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১০টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে জিআর তামিল দুটি, সিআর তামিল পাঁচটি এবং সিআর রিকল তিনটি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও ইউনিয়ন এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
