মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ লোকসানের বৃত্ত ভেঙে আয়মুখী হওয়ার পথে বিআইডব্লিউটিসি: চেয়ারম্যান ড্যানীর চার মাসের যুগোপযোগী উদ্যোগ

কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস চালু, শতকোটি টাকার জমি উদ্ধারের উদ্যোগ, বকেয়া ভাড়া আদায়, ভাড়া বৃদ্ধি ও জ্বালানি ব্যবস্থাপনায় পরিবর্তন

লোকসানের বৃত্ত ভেঙে আয়মুখী হওয়ার পথে বিআইডব্লিউটিসি: চেয়ারম্যান ড্যানীর চার মাসের যুগোপযোগী উদ্যোগ

মাখদুম সামি কল্লোল: দীর্ঘদিনের লোকসান, প্রশাসনিক জটিলতা ও অব্যবস্থাপনা কাটিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) একটি লাভজনক ও আয়মুখী প্রতিষ্ঠানে পরিণত করতে বহুমুখী উদ্যোগ নিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। গত ২৬ জুলাই দায়িত্ব গ্রহণের পর মাত্র চার মাসের মাথায় ফেরি সার্ভিস চালু, অবৈধ জমি উদ্ধার, বকেয়া ভাড়া আদায়, জলযান ও স্থাপনার ভাড়া বৃদ্ধি এবং জ্বালানি ব্যবস্থাপনায় সংস্কারের মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগের সঠিক ও ধারাবাহিক বাস্তবায়ন করা গেলে সংস্থার দীর্ঘদিনের আর্থিক সংকট কেটে যাবে এবং রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি পাবে।

চেয়ারম্যানের যোগদানের পর অন্যতম বড় সাফল্য হলো ঢাকা (কাঁচপুর)-ভোলা ফেরি সার্ভিস চালু করা। প্রায় তিন বছর ধরে আটকে থাকা এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি চেয়ারম্যানের তৎপরতায় মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় অগ্রগতি অর্জন করে এবং গত ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
এই রুট চালুর ফলে ভোলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ সহজ হয়েছে এবং বিআইডব্লিউটিসির আয়ের নতুন উৎস তৈরি হয়েছে। নিয়মিত যানবাহন পারাপারের মাধ্যমে এটি একটি লাভজনক বাণিজ্যিক রুটে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিআইডব্লিউটিসির বিভিন্ন জলযান, দোকান, গোডাউন ও খালি জায়গা দীর্ঘদিন ধরে পুরনো ও নামমাত্র ভাড়ায় ব্যবহৃত হয়ে আসছিল। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে
জলযানের চার্টার ও ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
দোকান, গোডাউন, স্থাপনা ও খালি জায়গার ভাড়া বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতিপূর্ণ করে নতুন হার কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
সংস্থার প্রায় ৮৬ একর জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বেদখল হয়ে ছিল।
এসব জমি উদ্ধারে প্রশাসনিক ও আইনি সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান।

উদ্ধারযোগ্য এই জমির বাজারমূল্য শতকোটি টাকার বেশি। জমিগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে এনে ভবিষ্যতে বাণিজ্যিক কাজে ব্যবহারের পাশাপাশি চারপাশ সুরক্ষিত করতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।
বিভিন্ন জলযান ও স্থাপনার দীর্ঘদিনের জমে থাকা বকেয়া ভাড়া আদায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর সরাসরি নির্দেশনায় পাওনা আদায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে, যা সংস্থার নিজস্ব তহবিলকে শক্তিশালী করবে এবং নিয়মিত রাজস্ব প্রবাহ নিশ্চিত করবে।

বিআইডব্লিউটিসির বিশাল পরিচালন ব্যয়ের একটি বড় অংশ ব্যয় হয় জ্বালানিতে। এই খাতে অপচয় ও অনিয়ম রোধে চার সদস্যের একটি বিশেষ রেশনিং কমিটি (সিভিল, মেরিন, ফুয়েল সেল ও বাণিজ্য বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত) গঠন করা হয়েছে।
এখন থেকে প্রতিটি জলযানের জ্বালানি চাহিদা নির্ধারণে প্রতি তিন মাস অন্তর সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করা হবে। এর ফলে অতিরিক্ত বরাদ্দ, অপচয় এবং জ্বালানি পাচার কার্যকরভাবে বন্ধ হবে।
কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টার অপচয় রোধ ও দাপ্তরিক গতিশীলতা আনতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে।

সংস্থার কার্যক্রম থমকে রাখা দীর্ঘমেয়াদী মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বৈধ অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে।

৩৫টি বাণিজ্যিক জলযান, আটটি পন্টুন ও দুটি স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে থ্রি-এঙ্গেলসহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ও তদারকি বাড়ানো হয়েছে।

এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধাকে অপারেশন থিয়েটার, আইসিইউ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ সম্বলিত ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এমভি উন্নয়ন এক্সপ্রেস, এমভি উত্তরণ এক্সপ্রেস, এমভি উজ্জীবন এক্সপ্রেস ও এমভি উদ্দীপন এক্সপ্রেস চার্টারারদের মাধ্যমে কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরাসি Baudouin ব্র্যান্ডের মেরিন ডিজেল ও জেনারেটর ইঞ্জিন সংযোজন নিয়ে আলোচনা এবং গত ১৪ অক্টোবর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সঙ্গে ইন্টার্নশিপ ও একাডেমিক সহযোগিতামূলক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এ টি এম আব্দুল বারী ড্যানীর চার মাসের দায়িত্ব পালনকালে নেওয়া এসব উদ্যোগ বিআইডব্লিউটিসির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে এসব পদক্ষেপের স্বচ্ছতা, জবাবদিহি এবং ধারাবাহিক বাস্তবায়নের ওপর। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে একটি আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিতে বিআইডব্লিউটিসি এখন সঠিক পথেই রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা