পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ, চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন, ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স এমন প্রত্যয় ব্যক্ত করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল বশর সওদাগর। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা আলহাজ্ব আবুল বশর বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ক্ষমতা নয়, জনগণের অধিকারই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। ইউনিয়নের প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার, সমান অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
আলহাজ্ব আবুল বশর আরও দৈনিক জনতা কে জানান, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন। তিনি চান ন্যায়বিচার, সুশাসন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশ। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে। কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, আবার অপরাধ করেও কেউ যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারেন—এটাই হওয়া উচিত সুশাসনের মূলনীতি।
তিনি বড়লিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে নাগরিক সেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।তাঁর ভাষ্য অনুযায়ী, জনপ্রতিনিধিত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা বা প্রভাব বিস্তারের বিষয় নয়; এটি জনগণের প্রতি দায়িত্ব ও জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ অবস্থান। জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে তিনি কাজ করতে চান।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর প্রত্যাশা, বড়লিয়া ইউনিয়নের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন, নিরাপদে চলাফেরা করতে পারেন এবং ন্যায্য নাগরিক অধিকার ভোগ করতে পারেন।
সবশেষে তিনি বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায়বিচার ও সুশাসনের বাংলাদেশ চাই। জনগণের নিরাপত্তা, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই হোক আগামী দিনের নেতৃত্বের অঙ্গীকার।
বড়লিয়া ইউনিয়নের মানুষের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে একটি মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ই তাঁর বক্তব্যে উঠে এসেছে। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। বড়লিয়া ইউনিয়ন’কে স্মার্ট গড়ে তুলতে সকলকে ঐকবদ্ধ হওয়া আহবান জানান।
