মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম: হামলায় যাদের নাম আসছে

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম: হামলায় যাদের নাম আসছে

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের চেকপোস্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তাঁর মাথায় ও ঠোঁটে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আশ্রয়শিবিরের একটি মার্কেটের দখল-বেদখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এতে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর। তাঁর সহযোগী হিসেবে হেলাল উদ্দিন, রফিক উদ্দিন, মিজান, সরওয়ার, জাহাঙ্গীর, রিদুয়ান, আবছার, ইউসুফ, বাইট্টা আলমগীর, দেলোয়ার, শামিম উসমান, হারুন রশীদ, সাইফুল, শেখ নিশান, জিহাদ, সিফাত ও জুবাইরের নাম উঠে এসেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাড়ি ফেরার পথে নুরুল আমিনের ওপর চায়নিজ কুড়াল, দা, কিরিচ ও শাবলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। একই সময় মার্কেটের অর্ধশতাধিক দোকান ও জেনারেটর ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে।

হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা পালংখালী, থাইংখালী ও উখিয়াসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করেন।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা