জাহাঙ্গীর খান বাবু : ইস্তাম্বুল বিমানবন্দর থেকে বেরিয়ে খুঁজে নিলাম হাবিস্ট-৩ বাস কাউন্টার। বিমানবন্দরেই ডলার ভাঙিয়ে তুরস্কের মুদ্রা লিরা সংগ্রহ করেছিলাম। সন্ধ্যা তখন সাতটা। ইমিগ্রেশনের কাজ খুব বেশি সময় লাগেনি। তবে লাগেজ নিয়ে কিছুটা পিছিয়ে পড়া সহকর্মীর জন্য অপেক্ষা করতে গিয়ে সামান্য দেরি হয়ে গেল।
বাস কাউন্টারে ছোট্ট একটি ডেস্ক। সেখানে বসা এক সুন্দরী নারী কর্মী। ইংরেজি বোঝেন, তবে কথা বলায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বলে মনে হলো। আমরা কয়েকজন মিলে জানতে চাইলাম, আনতালিয়া যাওয়ার বাসের ভাড়া কত। তিনি প্রথমে জানতে চাইলেন, আমাদের মোট যাত্রী কতজন। গ্রুপের মাসুদ ভাই একটু আগেই বলেছিলেন, সবার টাকা একসঙ্গে তুলে টিকিট কাটার ঝামেলায় না গিয়ে প্রত্যেকে নিজের টিকিট নিজেই কিনে নেবেন।
আমি মোবাইলে ক্যালকুলেটর বের করে বললাম, ‘How much per ticket?’
তিনি ক্যালকুলেটরে লিখে দেখালেন ৫৩০ লিরা। টিকিটের টাকা পরিশোধ করে লাগেজ ট্রলিতে তুলে বাসে উঠে বসলাম। বাসের ভেতরটা চমৎকার। আরামদায়ক আসন, পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নতমানের বিজনেস ক্লাসের মতো ব্যবস্থা।
পরে অন্য সহকর্মীরা বাসে উঠে জানালেন, তারা গ্রুপ করে টিকিট কেনায় জনপ্রতি ৩৮০ লিরা দিয়েছেন। অর্থাৎ একসঙ্গে টিকিট কাটার কারণে আমাদের তুলনায় জনপ্রতি ১৫০ লিরা কম খরচ হয়েছে। ছোট্ট একটা ধাক্কা খেলাম। ভ্রমণের শুরুতেই বাড়তি খরচের অভিজ্ঞতা!
বাস চলতে শুরু করল। আগে জেনেছিলাম, বিমানবন্দর থেকে বাসে আনতালিয়ার উদ্দেশে যাওয়ার আগে আমাদের অটোগিয়ার বাস টার্মিনালে যেতে হবে। সেখানে পৌঁছাতে সময় লাগল প্রায় আধা ঘণ্টা।
বাস থেকে নামতেই স্থানীয় পরিবহনকর্মী ও বিভিন্ন বাস কোম্পানির প্রতিনিধিরা ঘিরে ধরলেন। কে কোথায় যাবেন, কোন বাসে যাবেন—এ নিয়ে তাদের ব্যস্ততা। তাদের ডাকাডাকি আর যাত্রী টানার প্রতিযোগিতা দেখে বোঝা গেল, এখানে পরিবহন ব্যবসায় প্রতিযোগিতা বেশ জমজমাট।
আমাদের গ্রুপের নেতৃত্বে ছিলেন আরিফ ভাই। তিনি কয়েকজনের সঙ্গে কথা বলে আনতালিয়া যাওয়ার একটি বাসের ব্যবস্থা করলেন। জনপ্রতি ভাড়া ১ হাজার ৫০০ লিরা। আমরা টাকা তাঁর হাতে তুলে দিয়ে রাতের খাবার খেতে বের হলাম।
আমি, জাফর ভাই, রাজু, মাসুদ ভাইসহ কয়েকজন আশপাশের একটি রেস্টুরেন্টে বসে পড়লাম। পোলাও, চিকেন এবং সালাদ—সব মিলিয়ে জনপ্রতি ২৫০ লিরা। সারাদিনের বিমানযাত্রা, দীর্ঘ অপেক্ষা আর ক্লান্তিতে সবাই বেশ ক্ষুধার্ত ছিলাম। খাবারও বেশ ভালো লাগল।
এক বোতল পানির দাম ২০ লিরা। তবে রেস্টুরেন্টে বিনামূল্যে পানি নেওয়ার ব্যবস্থাও ছিল। সেখান থেকে গ্লাসে পানি নিয়ে খাওয়ার সুযোগ পেলাম।
খাওয়া শেষ করে শুনলাম, আমাদের বাস আসবে রাত ১২টায়। তখন রাত ৯টা। শুরু হলো দীর্ঘ অপেক্ষা।
অটোগিয়ার বাস টার্মিনালটি বেশ গোছানো মনে হলো। বিভিন্ন কোম্পানির বাস আসছে, যাত্রী নামছে, আবার নতুন যাত্রী নিয়ে চলে যাচ্ছে। কোথাও অযথা বাসের জটলা কিংবা হর্নের কোলাহল চোখে পড়ল না। বাসগুলোও বেশ উন্নতমানের। অনেক বাসের ভেতর বিজনেস ক্লাসের মতো আরামদায়ক আসন।
টার্মিনালের কাউন্টারের দোতলায় বসার ব্যবস্থা রয়েছে। সেখানে আফ্রিকান এক তরুণকে দেখলাম। বাঙালি চেহারার এক তরুণীকেও চোখে পড়ল। পরে জানলাম, তিনি নেপালের নাগরিক। বিভিন্ন দেশের মানুষের আনাগোনা, কথাবার্তা আর অপেক্ষার মধ্য দিয়ে সময় গড়িয়ে যাচ্ছিল।
আমি অবশ্য বসে থাকতে পারছিলাম না। বাইরে বেরিয়ে বিভিন্ন দোকান ঘুরে দেখছিলাম। নানা ধরনের পণ্য, চকচকে মোড়কে সাজানো চকলেটের বাক্স, ছোট ছোট কেকের মতো দেখতে বাহারি মিষ্টান্ন—সবই নজর কাড়ছিল। মেয়ের কথা মনে পড়ল। ভাবলাম, ফেরার সময় তার জন্য কিছু চকলেট নিয়ে যাব।
দোকানে এক প্যাকেট সিগারেটের দাম ১৫০ লিরা। বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ টাকার কাছাকাছি। পাশের দোকানে কলারবিহীন একটি টি-শার্টের দাম দেখলাম ৩০০ লিরা, যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা। অথচ ঢাকার বাজারে এ ধরনের টি-শার্ট অনেক কম দামেই পাওয়া যায়। বিদেশের বাজার ঘুরলে নিজের দেশের পণ্যের দামের সঙ্গে তুলনা করার অভ্যাসটা যেন আপনাআপনিই চলে আসে।
রাত ১২টা বাজার দশ মিনিট আগে কাউন্টারের একজন কর্মী আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে বললেন। তিনি সামনে, আমরা পেছনে। রাস্তা পার হয়ে কিছুটা দূরে আরেকটি কাউন্টারে নিয়ে গেলেন। বললেন, ১০ মিনিটের মধ্যেই বাস চলে আসবে।
আমরা নতুন কাউন্টারে গিয়ে টিকিট দেখালাম। সেখানকার কর্মী জানালেন, বাস আসতে আরও এক ঘণ্টা লাগবে। অর্থাৎ রাত একটা!
সবাই একে অন্যের মুখের দিকে তাকালাম। মনে কিছুটা সন্দেহও তৈরি হলো। আমরা কি তাহলে ভুল জায়গায় চলে এলাম? নাকি প্রতারণার শিকার হলাম? গ্রুপের নেতৃত্বে থাকা শফিক ভাই সবাইকে আশ্বস্ত করলেন, বাস আসবে, চিন্তার কিছু নেই।
কাউন্টারের দোতলায় উঠে দেখলাম, নতুন নতুন যাত্রী আসছেন। আমার মনে হলো, হয়তো এটি মূল পরিবহন কোম্পানির বড় কাউন্টার। সেখানে বড় করে লেখা—জব্বার। অর্থাৎ জব্বার পরিবহনের বাস।
অবশেষে রাত একটা নাগাদ বাস এল। সবাই আগের টিকিটে উল্লেখ করা আসন অনুযায়ী উঠে বসলাম। কিন্তু যাত্রী ওঠার সময় নতুন এক অভিজ্ঞতা হলো। আমাদের কয়েকজন সহকর্মীকে আসন ছেড়ে অন্য আসনে যেতে বলা হলো। কারণ, তাঁদের আসন নাকি অন্য যাত্রীদের কাছে বিক্রি হয়ে গেছে!
এবার কিছুটা আতঙ্কিত হলাম। ভাবছিলাম, আমার সঙ্গেও কি এমন কিছু হবে? বিদেশের মাটিতে গভীর রাতে, দীর্ঘ যাত্রার আগে এমন পরিস্থিতি কিছুটা অস্বস্তিকরই। তবে শেষ পর্যন্ত বাস চলতে শুরু করল।
ক্লান্ত শরীর। কখন যে ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি।
গভীর ঘুম ভেঙে মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল সাতটা। জানালার বাইরে তাকিয়ে মনে হলো, চারপাশ কুয়াশায় ঢাকা। ভোরের মতো স্নিগ্ধ পরিবেশ। বাস তখন পথের একটি বিরতিস্থলে থেমেছে। যাত্রীদের খাওয়া-দাওয়া, বিশ্রাম ও প্রয়োজনীয় কাজের জন্য দোকানপাট রয়েছে। কেউ নামছেন, কেউ আবার উঠে যাচ্ছেন। তবে কোথাও মানুষের ভিড় বা হইচই নেই। সবকিছু বেশ শান্ত ও নিয়ন্ত্রিত।
আমি বাস থেকে নামিনি। জানালা দিয়ে দূর থেকে পরিবেশ দেখছিলাম। এরই মধ্যে মোবাইলে ফ্রি ওয়াইফাই সংযোগ চালু হয়ে গেছে। ফেসবুক খুলে কিছু ফলোআপ দেখলাম। এরপর মেয়েকে ফোন দিলাম।
মেয়ে জানাল, ঢাকায় তখন সকাল ১০টা ২০ মিনিট। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তুরস্কের সময়ের পার্থক্য অনুযায়ী এখানে সকাল সাতটা। মেয়ে জানতে চাইল, ওষুধ খেয়েছি কি না, যাত্রা কেমন হচ্ছে, ঠিকমতো আছি কি না। বাবার দীর্ঘ বিদেশযাত্রায় সন্তানের এমন খোঁজখবর নেওয়ার মধ্যে যে মায়া আছে, তা দূরত্ব দিয়েও কমানো যায় না।
মেয়ের সঙ্গে কথা শেষ করে আবার জানালার পাশে বসে পড়লাম। বাস চলছে আনতালিয়ার উদ্দেশে। দীর্ঘ পথ, কুয়াশায় ঢাকা প্রকৃতি আর জানালার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য—সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতি।
আমাদের গন্তব্য তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের সুন্দর শহর আনতালিয়া। এখানেই অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন—কপ৩১ (COP৩১)। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশকর্মী এবং সাংবাদিকদের মিলনমেলা বসেছে এই আন্তর্জাতিক সম্মেলনে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা এবং বাস্তুচ্যুত মানুষের সংকট—এসব বাস্তবতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই আমাদের সাংবাদিকতার অন্যতম দায়িত্ব।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর প্রতিনিধিদল নিয়ে আনতালিয়ায় উপস্থিত হয়েছেন। সেই আন্তর্জাতিক আয়োজনের অংশ হতে যাচ্ছি আমরাও।
ইস্তাম্বুলের ব্যস্ত বিমানবন্দর, বাস টার্মিনালের দীর্ঘ অপেক্ষা, টিকিটের দামের ব্যবধান, মাঝরাতের বাস বদল, আসন নিয়ে সামান্য বিড়ম্বনা—সবকিছু পেরিয়ে এখন আমাদের যাত্রা চলছে আনতালিয়ার পথে।
জানালার বাইরে কুয়াশায় ঢাকা পথ। বাস ছুটে চলেছে গন্তব্যের দিকে। আর আমার মনে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের জলবায়ু সংকট, মানুষের জীবনসংগ্রাম এবং বিশ্বনেতাদের কাছে সেই বাস্তবতা তুলে ধরার প্রত্যাশা।
একটি দীর্ঘ যাত্রার শেষেই শুরু হবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়—কপ৩১-এর দিনগুলো।
ইস্তাম্বুল থেকে আনতালিয়ার পথে।
