বুধবার | নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা শ্রমিক অসন্তোষ : আবার উত্তপ্ত হয়ে উঠছে সাভার ও আশুলিয়া, ২২ কারখানায় ছুটি

শ্রমিক অসন্তোষ : আবার উত্তপ্ত হয়ে উঠছে সাভার ও আশুলিয়া, ২২ কারখানায় ছুটি

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকা।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দুই শিল্পাঞ্চলের অন্তত ২০ থেকে ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবেই কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার পর আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একই সময় সাভারের হেমায়েতপুর, বাগবাড়ি ও পদ্মার মোড় এলাকায়ও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এলাকায় অবরোধের চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের একটি অংশ পাশের একটি কারখানায় ভাঙচুর চালায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

এদিকে পরিস্থিতি বিবেচনায় আশুলিয়ার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দ্য রোজ অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার, প্রাণ-আরএফএলের সাবিহা, নিট এশিয়া, ইয়াগী বাংলাদেশ ও ফ্যাশন ইট। এ ছাড়া সাভারের হেমায়েতপুর এলাকার কয়েকটি কারখানায়ও উৎপাদন কার্যক্রম স্থগিত রাখা হয়।

কারখানায় ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ কারখানার ফটক ছেড়ে সড়কে নেমে আসে। অন্য কারখানাগুলো বন্ধের চেষ্টাও করেন তাঁরা। হেমায়েতপুরে এ কে এইচ গ্রুপ ও ববস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিক যমুনা গার্মেন্টসের (শামস স্টাইলিং গ্রুপ) সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন।

অন্যদিকে, আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকদের অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জামগড়া এলাকা ছাড়া শিল্পাঞ্চলের প্রায় সব স্থানের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। সাভার ও আশুলিয়া মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড় ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

শিল্প পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কারখানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে বহিরাগত বা তৃতীয় কোনো পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা