শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : শিবচরে দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচতে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহজাহান খন্দকার (৬০) নামের এক ব্যক্তি বৃদ্ধ ।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শিবচরের পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টি ঢাকা গামী পাঁচ্চর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নাতি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন দাদা। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত শাহজাহান খন্দকার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক্টর। এ সময় ট্রাক্টরের ধাক্কা থেকে নাতিকে বাঁচাতে দ্রুত তাকে সরিয়ে দেন । তবে নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দূর্ঘটনার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায় । শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
