শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য ১.৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিতের তাগিদ

জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা নয়, অনুদান ও সহজ শর্তে অর্থায়ন চান সাইমন স্টিয়েল-

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য ১.৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিতের তাগিদ

আন্তালিয়া (তুরস্ক) থেকে জাহাঙ্গীর খান বাবু : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য শুধু অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ যথেষ্ট নয়, বরং দেশগুলোর বাস্তব চাহিদা অনুযায়ী সহজ শর্তে অর্থ পৌঁছে দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের জলবায়ু অর্থায়নবিষয়ক মন্ত্রী পর্যায়ের সংলাপে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাইমন স্টিয়েল বলেন, অনেক উন্নয়নশীল দেশ ঋণ, জলবায়ু দুর্যোগ এবং মূলধন সংগ্রহের উচ্চ ব্যয়ের দুষ্টচক্রে আটকে রয়েছে। বন্যা, দাবানল, ঝড় ও খরার ঝুঁকি এসব দেশের ঋণ গ্রহণের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। দুর্যোগ আঘাত হানার পর রাজস্ব কমে যায়, পুনর্গঠনের ব্যয় বেড়ে যায় এবং ঋণের বোঝা আরও ভারী হয়। ফলে জলবায়ু সহনশীলতা তৈরিতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়।

তিনি বলেন, জলবায়ু অর্থায়নের লক্ষ্য হওয়া উচিত এই দুষ্টচক্র থেকে দেশগুলোকে বের করে আনা। এজন্য বিচ্ছিন্ন প্রকল্পে অর্থায়নের পরিবর্তে সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরে সহায়তা করতে হবে।

বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের বিপুল অর্থের প্রয়োজন। একই সঙ্গে নতুন ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান ও স্বল্প সুদের অর্থায়ন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

সাইমন স্টিয়েল বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর নেতৃত্বে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সব উৎস থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সক্ষম করার লক্ষ্য রয়েছে। বাকু-বেলেম রোডম্যাপের মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেন। প্রথমত, দেশগুলোর ঋণ পরিস্থিতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে অর্থায়নের শর্ত নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, অর্থ পাওয়ার জটিল প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে। তৃতীয়ত, উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব প্রতিষ্ঠান ও জাতীয় ব্যবস্থাকে শক্তিশালী করে সেসব ব্যবস্থার মাধ্যমে অর্থায়ন বাড়াতে হবে। চতুর্থত, অর্থায়নের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমকে দেশগুলোর নিজস্ব অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ অর্থনীতির জন্য অনুদান ও অত্যন্ত সহজ শর্তের অর্থায়ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জলবায়ু সহনশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সমন্বয় গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

সাইমন স্টিয়েলের বক্তব্যে স্পষ্ট হয়েছে, জলবায়ু অর্থায়নকে শুধু অর্থ বরাদ্দের হিসাব হিসেবে দেখলে চলবে না। বরং সেই অর্থ কীভাবে পৌঁছাচ্ছে, কতটা সহজ শর্তে পাওয়া যাচ্ছে এবং তা দিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটা দীর্ঘমেয়াদি সক্ষমতা অর্জন করতে পারছে, সেটিই হতে হবে মূল বিবেচ্য বিষয়।

বাংলাদেশের জন্যও কপ৩১-এর আলোচনায় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ—জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুত অর্থায়ন কতটা সহজে, ন্যায্যভাবে এবং নতুন ঋণের বোঝা সৃষ্টি না করে বাস্তবে পৌঁছাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা