কামরুল ইসলাম, জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : দীর্ঘদিনের জনবল সংকট ও নানা সীমাবদ্ধতা কাটিয়ে চিকিৎসাসেবায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বর্তমানে চিকিৎসক সংকট অনেকটাই কাটিয়ে ওঠায় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বেড়েছে চিকিৎসাসেবার পরিধি ও মান। বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলিয়ে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে হাসপাতাল থেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসাসেবা কার্যক্রমে এসেছে গতি। বর্তমানে আবাসিক মেডিকেল অফিসারসহ মোট সাতজন চিকিৎসক কর্মরত রয়েছেন। ফলে আগের তুলনায় রোগীরা সহজেই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা হলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রঞ্জন কুমার, মেডিকেল অফিসার ডা. আকাশ সাহা, ডা. লিমন দাস, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. নাসরিফা পারভীন ও ডা. জয়ন্ত।
এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগ নির্ণয়ের জন্য সীমিত প্যাথলজি পরীক্ষার ব্যবস্থাও রয়েছে, এতে স্থানীয় রোগীদের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন কমছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের তুলনায় বর্তমানে চিকিৎসাসেবার পরিবেশ অনেক ভালো হয়েছে। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে। এতে স্বল্প আয়ের সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।
অন্যদিকে, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর উদ্যোগে সম্প্রতি জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যায় থাকা হাতে আরো ৫১ শয্য উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখছেন উপজেলাবাসী। বাস্তবায়ন হলে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা গেলে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
