রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ফসলি জমি থেকে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

মাধবপুরে গভীর রাতে প্রশাসনের অভিযান :

ফসলি জমি থেকে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্কেভেটর দিয়ে জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৪-নভেম্বর)২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশের উর্বর ফসলি জমি স্কেভেটর দিয়ে গভীর করে কেটে মাটি বিক্রি করে আসছিল। এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্তকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা