খাগড়াছড়ি থেকে রহিম হৃদয় : পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তাঁরা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করা সম্ভব হতো। কিন্তু চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা প্রসীত খীসা বলে মন্তব্য করেন তাঁরা।

পার্বত্য চুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে : বক্তারা
রোববার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি জেলা শহরের মারমা কল্যাণ সংসদ হলরুমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, জুম্ম জাতিকে নতুন করে চুক্তি বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ে সংঘাত জিইয়ে রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম জাতি শান্তিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করতে পারত। চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণেই গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তাঁরা বলেন, ঐক্য অস্ত্রের চেয়েও শক্তিশালী। তাই ভ্রাতৃঘাতী সংঘাত ও খুনোখুনি বন্ধ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি উন্নয়ন ও জুম্ম জাতির অধিকার আদায়ে সবাইকে গণতান্ত্রিক ধারায় শামিল হওয়ার আহ্বান জানান তাঁরা।
‘সত্যের জয় অনিবার্য’ স্লোগানকে সামনে রেখে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। সকালে জেলা শহরের সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা)-এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা।
এ ছাড়া বক্তব্য দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘আপস চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন সংগঠনটির নেতাকর্মীরা একসঙ্গে থাকলেও অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়। পরবর্তীতে ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।
