সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ত্রিশালে অবৈধ ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য ব্যবসা: তিন প্রতিষ্ঠানকে জরিমানা, মিল বন্ধ ঘোষণা

ত্রিশালে অবৈধ ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য ব্যবসা: তিন প্রতিষ্ঠানকে জরিমানা, মিল বন্ধ ঘোষণা

​আব্দুল কাদের জিলানী, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই অবৈধভাবে ফিস ফিড এবং পোল্ট্রি খাদ্য ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় আবাসিক এলাকার একটি ফিড মিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম।

​অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ত্রিশালে কিছু ব্যবসায়ী প্রয়োজনীয় সরকারি লাইসেন্স এবং নবায়ন ছাড়াই ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য কেনাবেচা করছিলেন। এ অপরাধের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবা ফিস ফিড-কে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্স-কে ৩০ হাজার টাকা এবং এমিকা ট্রেডার্স-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​এছাড়া আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি ফিড মিলে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স না থাকায় মিলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়।

​অভিযানের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করতে দেওয়া হবে না। জনস্বার্থে ত্রিশালে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা