টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলে জেলা উন্নয়ন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।সোমবার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, জনস্বাস্থ্য এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা এবং বাস্তবায়ন-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও জনমুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সভায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞাসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
