জনতা ডেস্ক : লন্ডনের বিখ্যাত কার্নাবি স্ট্রিটে ক্রিসমাসের আলোকসজ্জা উদ্বোধনের দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে আলো ঝলমলে সাজসজ্জা কিংবা আতশবাজি নয়, দর্শকদের মোবাইল ফোনে ভিডিও ধারণের দৃশ্যই নজর কেড়েছে নেটিজেনদের।
গত সপ্তাহে কার্নাবি স্ট্রিটের ক্রিসমাস লাইট উদ্বোধনের একটি ভিডিও প্রকাশ করে বিবিসি লন্ডন। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানান। তাদের অধিকাংশের অভিযোগ, মনোমুগ্ধকর আয়োজন সরাসরি উপভোগ করার পরিবর্তে দর্শকদের বড় একটি অংশ মোবাইল ফোনে ভিডিও ধারণ করতেই ব্যস্ত ছিলেন।
একজন মন্তব্যকারী লেখেন, ‘মনে আছে, একসময় আমরা কোনো কিছু সরাসরি নিজের চোখে দেখতাম? সেই দিনগুলোই ছিল ভালো।’ আরেকজন লেখেন, ‘এটি সত্যিই খুব দুঃখজনক দৃশ্য।’
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ‘ইস্টএন্ডার্স’ অভিনেত্রী ন্যাটালি ক্যাসিডিও। তিনি প্রশ্ন তোলেন, এত সুন্দর একটি আয়োজনের দিকে কেউ সরাসরি তাকিয়ে উপভোগ করছেন না, বিষয়টি কেন প্রতিবেদনে গুরুত্ব পাচ্ছে না? তার ভাষায়, বিষয়টি বেশ ভীতিকর ও হতাশাজনক।
অনেকেই প্রশ্ন তুলেছেন, বাস্তবে উপস্থিত থেকে আতশবাজি উপভোগ না করে মানুষ কেন ফোনে ভিডিও ধারণ করতে এত বেশি আগ্রহী। এক মন্তব্যকারী কটাক্ষ করে লেখেন, ‘সবাইকে মুহূর্তটি উপভোগ করতে দেখে ভালো লাগছে! যদিও ধারণ করা ভিডিওটি আর কখনো দেখার সম্ভাবনা ৯০ শতাংশই নেই।’
স্মার্টফোনের ক্যামেরা সর্বসাধারণের নাগালে আসার পর থেকে ছবি ও ভিডিও ধারণের অভ্যাস মানুষের স্মৃতিশক্তির ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। এসব গবেষণার অনেকগুলোতে দেখা গেছে, কোনো মুহূর্ত ছবি বা ভিডিওতে ধারণ করা সব সময় স্মৃতি ধরে রাখতে সহায়তা করে না। বরং কখনো কখনো ঘটনাটি নিজের চোখে দেখার পরিবর্তে ক্যামেরায় ধারণ করার কারণে সেই অভিজ্ঞতার স্মৃতি যথাযথভাবে মনে রাখার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কার্নাবি স্ট্রিটের এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, স্মৃতি ধরে রাখার চেষ্টা করতে গিয়ে মানুষ কি বর্তমান মুহূর্তটি উপভোগ করাই ভুলে যাচ্ছে?
সূত্র: বিবিসি
