মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ভালুকা, প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামে আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, আঁখিকে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রচার করতে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে জাহিদুল ইসলাম পাশের কাশিগঞ্জ এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বললে আঁখি তাঁকে যেতে নিষেধ করেন। একপর্যায়ে প্রস্রাব করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওয়াজ মাহফিলে চলে যান জাহিদুল।
মঙ্গলবার ভোর ৬টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের আড়ার সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আঁখিকে ঝুলতে দেখেন। পরে জাহিদুল নিজেই তাঁকে নিচে নামান এবং পরিবারের অন্য সদস্যদের খবর দেন।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

নিহত আঁখির বাবার বাড়ি উপজেলার রান্দিয়া গ্রামে। প্রায় এক বছর আগে জাহিদুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়।

নিহতের বাবা চান মিয়া অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। মেয়ের গলায় রডের আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার সকালে মেয়ের মৃত্যুর খবর পান। তাঁর অভিযোগ, জাহিদুল মাদকাসক্ত ছিলেন। আগেও মেয়েকে স্বামীর বাড়িতে যেতে নিষেধ করেছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও মেয়ে হত্যার বিচার দাবি করেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি হত্যার কথা স্বীকার করেননি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা